
খুলনা ব্যুরো: খুলনার দাকোপ উপজেলার সুতারখালী পূর্ব শত্রুতার জেরে এবং গরুতে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে রেখা রানী মন্ডল (৪২) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সুতারখালী ইউনিয়নের গুনারী ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরারী হালদার জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে রেখার গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধান ক্ষেতে ঢুকে ধান খাচ্ছিল। এমন সময় রেখা তার গরুর বাছুর সরিয়ে নেয়। একই সময়ে মিলন গোলদার সেখানে এসে রেখার সাথে কথা ঝগড়া বিবাদ শুরু করে।
এক পর্যায়ে মিলন গোলদার রেখাকে এলোপাতাড়ি ঘুষি, কিল, মারতে থাকে। রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে ছুটে এসে দেখে মিলন গোলদারের আঘাতে তার স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে ও মাটিতে লুটিয়ে পড়ে এবং রেখা মৃত্যুবরণ করে।
এসময় বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। যার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।