
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দ্যা ডনের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে, যেখানে সাধারণত প্রচুর সংখ্যক মামলাকারীর ভিড় থাকে।
আহতদের মধ্যে আইনজীবীরাও রয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর কাচেরি আদালত ভবনটি খালি করে দেয়া হয়। ভবনের পিছনের দরজা দিয়ে ভেতরে যারা ছিলেন তাদের সরিয়ে নেয়া হয় এবং আদালতের কার্যক্রম স্থগিত করা হয়।
এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে সিএনএন-কে দেওয়া এক নিরাপত্তা সূত্রের বিবৃতিতে দাবি করা হয়েছে যে আফগান তালেবান এবং ভারতের সঙ্গে যুক্ত জঙ্গিরা এটি ঘটিয়েছে।
এদিকে, ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), প্রধান কমিশনার এবং ফরেনসিক দল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায়।
ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, স্থানীয় সময় বেলা ১২টা ৩৯ মিনিটের দিকে কাছেরিতে (জেলা আদালত) আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে…। এতে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।