
আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে এমন অভিযোগ করে ইসলামাবাদ। এমন অভিযোগে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় ঘটে হতাহতের ঘটনা। পরে দোহায় দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। তিনি বলেন, আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাকে এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
কয়েকদিনের সীমান্ত সংঘাতের পর সম্প্রতি দোহায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকা নির্ভর করছে পাকিস্তানে আক্রমণকারী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগান তালেবান কতটা সক্ষম হবে তার ওপর।
আসিফ আরো বলেন, একাধিক সন্ত্রাসী সংগঠনের জোট তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তারা এই কাজে আফগান তালেবানের মৌন সমর্থন পাচ্ছে। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেয়, এমন অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান।