
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকার রেলিগেট সংলগ্ন একটি ডাস্টবিন থেকে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক ভ্যানচালক প্রথমে ডাস্টবিনের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং মৃতদেহটি রাস্তার পাশে নামিয়ে রাখেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের আনুমানিক বয়স ৫৫ বছর। স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন দিন ধরে ওই ব্যক্তি রেলিগেট ও মানিকতলা এলাকায় ঘোরাঘুরি করছিলেন।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।