
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে অভিনন্দন। গণতান্ত্রিক উত্তরণের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের প্রজ্ঞা এবং গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে বাংলাদেশ একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
প্রধান উপদেষ্টা তার বার্তায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁদের আদর্শ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি বিশ্বাস করি।
বাংলাদেশ আজ এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের জন্য সুসমন্বিত প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং দেশে আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে তারেক রহমানের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে আপনার সহনশীলতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরিশেষে, দেশের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।