
ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসন্তানসহ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিরহতরা হলেন- শিশু কন্যা রাইসা (৭) ও নিরব (২) এবং তাদের মা ময়না আক্তার (৩০)। তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার বাসিন্দা। গতরাতের যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, অন্যদিনের মতো গত রাতেও ময়নার স্বামী স্থানীয় রাসেল টেক্সটাইল মিলে নৈশ প্রহরীর কাজে ছিল। সে সকালে বাড়িতে ফিরলে ঘরে তালা বন্ধ দেখতে পায়। পরে ঘরে উকি দিয়ে দেখে স্থানীয়দের ও পরে পুলিশে খবর দেয়।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।