
ছারছীনা দরবার শরীফের আধ্যাত্মিক প্রধান পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, মসজিদ হচ্ছে মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু থেকেই মানুষ হেদায়েত লাভ করবে এবং পরকালের পথের দিশা পাবে।
তিনি খুলনা নগরীর রূপসা মোড় এলাকার জিহাদী মসজিদকে মসজিদে আলী ও খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স-এর নতুন নামকরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পীর সাহেব বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়, বরং এটি মানুষ গড়ার কারখানা। এখান থেকেই সমাজে নৈতিকতা, দ্বীনদারি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে পড়ে। মসজিদের সঙ্গে মানুষের সম্পর্ক যত দৃঢ় হবে, সমাজ তত বেশি শান্তিপূর্ণ ও কল্যাণকর হবে বলেও তিনি মন্তব্য করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি মসজিদে আলী ও খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের পরিচালনার জন্য প্রতিষ্ঠানের মোতায়ল্লি মরহুম মোহাম্মাদ নুর আলী সাহেবের ছেলে আলহাজ্ব মোহাম্মদ ফারুককে সভাপতি করে কমিটি গঠনের দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় আলেম-ওলামা, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।