
সেনানিবাসে অস্থায়ী কারাগার স্থাপন রাষ্ট্রে রুল অফ ল’ ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার পথে অশনিসংকেত বলে মন্তব্য করেছেন (এনসিপি) যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন। বুধবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়।
ফ্যাসিস্ট শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার সকাল সাড়ে ৮টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন সকালে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কড়া নিরাপত্তায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।