
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৫৮.৮৩।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৫৭ শতাংশ।
বাংলাদেশ শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র ও এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানতে পারবে।
এছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর এইচএসসি স্পেস বোর্ডের নাম স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে। উদাহরণস্বরূপ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।
উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখের বেশি পরীক্ষার্থী।