
রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ-সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদসহ আরও চারজন।
এ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পরে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের এ সংগঠনটি। এ সমালোচনায় রীতিমতো ‘ঘি ঢালা’র পরিস্থিতি সৃষ্টি হয় সংগঠনটির সাবেক মুখপাত্র ও কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমার কয়েকটি ফেসবুক পোস্টকে ঘিরে। সর্বশেষ রোববার রাতে প্রায় দুই ২৪ মিনিটের দীর্ঘ একটি ফেসবুক লাইভ করেছে সংগঠনটির সাবেক এই নেত্রী।
দীর্ঘ এ লাইভে তিনি জুলাই-আগস্টের আন্দোলন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা নিয়ে কথা বলেন। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ‘জুলাই কেন ‘মানি মেকিং মেশিন’ হবে?
এসময় উমামা আরও বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি। ছাত্র ফেডারেশন করার সময় অনেকবার দেখেছি। ৩০-৪০ জনের মিছিলের সময় বলতাম, ‘স্বৈরাচার নিপাত যাক’। কিন্তু কখনো ভাবিনি, এই স্লোগান দিতে দিতে শিশুসহ সবাই রাস্তায় নেমে জীবন দেবে। জুলাই-আগস্টে সাধারণ মানুষকে নিয়ে ফাইট করেছি। এ কারণে এক বছর ধরে টিকে ছিলাম। কারণ, আমরা একটা স্বপ্ন দেখছিলাম।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর আর পারছিলাম না। দেশকে আরও বড় কিছু দেওয়ার চিন্তা থেকে ফেডারেশন থেকে সরে গিয়ে স্বাধীনভাবে কাজ শুরু করি। তখন আমি বৈষম্যবিরোধী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাকে ডাকত না। কারণ হতে পারে, আমি প্ল্যাটফর্মটি বন্ধ করে দিতে বলেছিলাম।’
জুলাই আন্দোলনে সমন্বয়কদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘৫২, ৬২ বা ১৫৮ জন সমন্বয়ক যে হয়েছে, সেগুলো সেভাবে ফাংশন করছিল না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছিল। তবে সমন্বয়ক টার্মটা সে সময় দরকার ছিল, যাতে সবাইকে কানেক্ট করা যায় না। আমার কাছে মনে হয়েছে, সমন্বয়কদের চেয়ে অন্যদের সহযোগিতা বেশি পেয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর অনেক র্যালি করেছি, গণভবনে গেছি। এরপর অনেক কাহিনি চলেছে। পরদিন দেখি, সমন্বয়ক পরিচয়ে একেকজন একেক জায়গায় দখল করেছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও দখল করছে। আওয়ামী লীগের রক্ষী বাহিনী জায়গায়, জায়গায় গিয়ে দখল করে। আমার মনে হচ্ছে যে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় দখল করে ফেলবে।’
উমামা আরও বলেন, ‘জুলাই অনেক বড় অভিজ্ঞতা। মানুষ অবিশ্বাস্য লড়াই করেছে। আমার মাথায় আসেইনি যে এটা দিয়ে টাকাপয়সা ইনকাম করা যায়! আমি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করছি, এটা দিয়ে অনেকে অনেক কিছু করছে। টেন্ডার-তদবির বাণিজ্য করছে, ডিসি নিয়োগ করছে। এগুলো অহরহ করেছে। এর আগে এটা নিয়ে ধারণা ছিল না। জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন করব। আনফরচুনেটলি সেটা হয়েছে।’বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক এই নেত্রী আরও বলেন, ‘অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি? তাদের আমি বলতে পারি, আমার একটি ভালো জীবন আছে। ভালো পরিবারের সদস্য। এত খারাপ অবস্থা আসে নাই। আমার স্কলারশিপের জন্যও প্রয়োজন নাই। আমার পরিবারের সাপোর্ট আছে। তারা চায়, আমি দেশের জন্য কিছু করি।’