
বাংলাদশের সংগীতের এক নক্ষত্রের নাম কনকচাঁপা। সংগীতের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় তিনি। তিনি একাধারে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য এবং জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। ২০১৮ সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি, যদিও বাধার কারণে প্রচার চালাতে পারেননি।
বিএনপির হয়ে রাজনীতিতে সক্রিয় রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন এই সংগীতশিল্পী। কিন্তু সোমবার ঘোষিত ২৩৭টি আসনের তালিকায় তার নাম আসেনি। জানা গেছে, ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দল।
মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপা গতকাল রাতেই নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’
তার এই মনোভাবকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ দাবি করছেন, রাজনীতিতে এমন পরিমিত ও সংযত বক্তব্য খুব কমই শোনা যায়।