
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।
তিনি আরও বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে। ফিনিক্স পাখির মতো, বারবার অনেকেই ধ্বংস করতে চেয়েছিল, কেউ ভাঙতেও পারেনি। গুম-খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। বিকালে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।