
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০২৪ সালের যে বিপ্লব, সেই বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি। সেই বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় একটি লুটেরা শ্রেণি এই দেশকে আবার দখল করে লুটেপুটে খাবে, সেটা হতে পারে না।
তিনি বলেন, ছাত্র-জনতা যারা জীবন দিয়েছিলেন; তাদের প্রতি, তাদের রক্তের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা যেন কোনো অবস্থাতেই না করি। সে বিষয়ে আপনাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে।
শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলের প্রয়াত নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মঈন খান এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘যারা অতীতে অন্যায় করেছে, তাদের কৃতকর্মের জন্য আমরা কোনো অনুশোচনা দেখিনি। তারা এখন বিদেশি শক্তির সহায়তায় আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না ‘
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি পরিবার দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হরণ করেছে এবং অর্থ পাচার ও লুটপাট চালিয়েছে।’
সাবেক মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীকে ‘আধুনিক রূপগঞ্জের স্বপ্নদ্রষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে মঈন খান বলেন, ‘মতিন চৌধুরীই শীতলক্ষ্যা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। যা আজ রাজধানীর সঙ্গে রূপগঞ্জের যোগাযোগ সহজ করেছে। অথচ সেই ব্রিজে তার নাম নেই। বিএনপি ক্ষমতায় এলে এই ব্রিজটি মতিন চৌধুরীর নামে নামকরণ করা হবে।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে কোনো অন্যায় বা দুর্নীতির সঙ্গে আপস করবে না। জনগণের অধিকার নিশ্চিত করতে একটি জনভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।‘
রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ স্মরণ সভার আয়োজন হয়। কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা সেচ্ছাসেবক সেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ অনেকে।