
পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করছে জামায়াত। এতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবারের কর্মসূচিতে বরিশাল মহানগরে নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগরে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে জামায়াত।
জামায়াতের ৫ দফা দাবিতে যা আছে-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে;
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে;
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে;
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে;
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।