
১২৬ রানের টার্গেটে ৯৬ রানে নেই ৯ উইকেট! ১ উইকেট হাতে রেখে দরকার ৩০ রান। অসম্ভবই বটে। এরপর যা হলো সেটাকে বলা যায় অকল্পনীয়, অবিশ্বাস্য! বাংলাদেশ 'এ' দলের লেজের দুই ব্যাটার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল মিলে ১৯ নম্বর ওভারে দেখালেন ভেলকি। সাকলাইন দুটি ও রিপন মন্ডল একটি ছক্কা হাঁকান। সেই ওভারই ম্যাচের গতিপথ বদলে দেয়।
শেষ ওভারে ম্যাচ জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ৭ রান। শেষ বলে জেতার জন্য সমীকরণ দাঁড়ায় দুই রান। কিন্তু এক রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। তাতেই ম্যাচ টাই। খেলা গড়ায় সুপার ওভারে। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছিল সুপার ওভারে। তবে ফাইনালে এসে সুপার ওভারে আর পারলো না। ৭ রানের লক্ষ্য অনায়াসে পার হয়ে এবার জিতল পাকিস্তান।
ইমার্জিং এশিয়া কাপে এ নিয়ে তিন শিরোপা জিতল পাকিস্তান। এর আগে ২০১৯ এবং ২০২৩ এ টুর্নামেন্টের ট্রফি জিতেছিল তারা। প্রথম দল হিসেবে তারা তিনবার শিরোপা জিতল। ঠিক উল্টোপথে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ তিনবার টুর্নামেন্টের ফাইনালে খেলে তিনবারই হারল।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১২৬/১০ (মাসুদ ৩৮, মিনহাস ২৫; রিপন ৩/২৫, রাকিবুল ২/১৬)
বাংলাদেশ : ২০ ওভারে ১২৬/৯ (সোহান ২৬, রাকিবুল ২৪; মুকিম ৩/১১, মিনহাস ২/৫)
ফলাফল : সুপার ওভারে পাকিস্তান জয়ী।