
প্রত্যাশার দারুণ প্রতিদান দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা সাত জয়ে অপরাজিত থেকেই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই শেষ করল নিগার সুলতানার দল।
নেপালের মুলপানিতে রোববার টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ডাচদের স্রেফ ১০২ রানে আটকে জয়ের ভীত গড়ে দেন বোলাররা।
৪ ওভারে ১ মেডেনসহ স্রেফ ১০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নাহিদা আক্তার।
সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতেই টানা সপ্তমবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। পরের দুটি ম্যাচও জিতে বাছাই শেষ করল তারা দাপটে।
রান তাড়ায় শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। প্রথম দুই ওভারে হারায় দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়ায়রিয়া ফেরদৌসকে। ডাচদের দারুণ বোলিংয়ে খুব একটা সুবিধে করতে পারেননি তিনে নামা শারমিন আক্তার। ১৩ রান করতে ২৮ বল খেলেন তিনি।
তবে জয় নিয়ে খুব একটা ভাবতে হয়নি দলকে। নিগার সুলতানা ও ইনফর্ম সোবহানা মোস্তারি ঝড়ো জুটিতে দলকে জিতিয়ে দেন ২০ বল বাকি রেখে। দুজন গড়েন ৩৭ বলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি।
৭ চারে ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন নিগার। প্রথম ৫ ম্যাচে ব্যর্থতার পর ফিফটি করলেন তিনি টানা দুই ম্যাচে। বাউন্ডারিতে ম্যাচ শেষ করা সোবহানা অপরাজিত থাকেন ২৩ বলে ৩৩ রানে।
আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২৬২ রান নিয়ে আসর শেষ করলেন সোবহানা। ৭ ইনিংসে তার ব্যাটিং গড় ৫২.৪০, স্ট্রাইক রেট ১৪৫.৫৫।
এর আগে টস জিতে শুরুতেই ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে ডাচ মেয়েরা। বাংলাদেশের বোলারদের দাপটে ২৩ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে তারা।
বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন রবিনে রাইকা ও সানিয়া খুরানা। ষষ্ঠ উইকেটে তাদের ৭৮ রানের জুটিতে একশ পার করতে পারে দল। তবে তাদের ব্যাটে জোর না থাকায় চ্যালেঞ্জিং সংগ্রহ পায়নি দল।
৪৫ বলে ৩৯ রানে আউট হন রাইকা, ৬ চারে ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন সানিয়া।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১০২/৬ (হিদার ১, ফিবি ৪, বাবেট ৪, স্টেরে ৪, রাইকা ৩৯, ফ্রেডেরিক ৩, সানিয়া ৪৩*, আইরিস ০*; মারুফা ৪-০-১৪-১, নাহিদা ৪-১-১০-৩, রিতু ৪-০-১৮-০, রাবেয়া ৪-০-২৬-১, স্বর্ণা ৩-০-১৭-১, ফাহিমা ১-০-১৩-০,)।
বাংলাদেশ: ১৬.৫ ওভারে ১০৪/৩ (দিলারা ৪, জুয়ায়রিয়া ০, শারমিন ১৩, নিগার ৫০*, সোবহানা ৩৩*; আইরিস ৪-০-১৬-১, হিদার ৩-১-৯-১, ফ্রেডেরিক ৩-০-১৬-০, ক্যারোলিন ৩-০-২৬-০, সিলভার ২.৪-০-২০-০, হ্যানাহ ১-০-১৭-১)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার।