আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির নিবন্ধন পেতে ১৪৪টি নতুন দল আবেদন করছে। তবে প্রাথমিক যাচাই-বাছাই কোনো দলই উত্তীর্ণ না হওয়ায় প্রথম ধাপে ৬২টি নিবন্ধন প্রত্যাশীকে ঘাটতি তথ্য পূরণে চিঠি দেওয়ার পর দ্বিতীয় ধাপে এনসিপিসহ ৮২টি দলকে চিঠি দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল ইসি উপসচিব মো.মাহবুব আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করেন। ইসি উপসচিব বলেন, আমরা প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠিয়েছি আর এখন দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি পাঠানো শুরু হয়েছে। এক্ষেত্রে সবাইকে ১৫ দিন সময় দেয়া হয়েছে।ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হয়েছে আর দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যে সব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে।
গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে নিয়ম কানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়। নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যাবলী সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি।