পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

whatsapp sharing button

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটির তাসনিম নিউজ এবং পাকিস্তানের দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সফর তেহরান-ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন। তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে ফোনে আলাপ করেন এবং পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান,’ এবং জানিয়েছেন, বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে।

ফোনালাপে ২৬ জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাকিস্তান সফর নিয়েও আলোচনা হয়। ইরানি মন্ত্রী সম্প্রতি নকভির ইরান সফরের জন্য ধন্যবাদ জানালে নকভি বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।