৯ আগস্ট ড্যাবের নির্বাচন

whatsapp sharing button

বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির নির্বাচন আগামী ৯ আগস্ট। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ৩ হাজার ১৫৫ জনের ভোটার তালিকা ও নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদদের (স্বাচিব) ৬ সদস্য ও মৃত ১৪ জন ড্যাব সদস্যের নাম রয়েছে। এ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

ড্যাবের একাংশ মনে করেন, তফসিলে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করা হয়নি। সম্মেলন কমিটি ও নির্বাচন কমিশনের অদক্ষতা অন্যতম কারণ। 

এর আগে ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে, গত ২৪ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহকে আহ্বায়ক করে ১২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠন করা হয়। 

কমিটি গঠনের পর নির্দেশনা ছিল দেড় মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করার। কিন্তু গত চার মাসে কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি সম্পন্ন করতে ব্যর্থ হয় এ কমিটি। এসব অভিযোগের বিষয়ে জানতে, ড্যাবের নির্বাচন কমিশনের প্রধান বিজন কান্তি সরকারকে একাধিকবার ফোন দিয়ে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। 

ভোটার তালিকায় থাকা মৃত ব্যক্তিরা হলেন ডা. এ কে এম তাজউদ্দিন ভূইয়া, ডা. গোলাম মহিউদ্দিন দিপু, ডা. আব্দুস সাত্তার চৌধুরী, ডা. শফিক উল্লাহ, ডা. তৌহিদ আলম, ডা. এ বি এম মূসা, ডা. সাখাওয়াত আলি লসকর, ডা. মো. সোলায়মান, ডা. বজলুর রহমান, ডা. মোহাম্মদ আলী শাহীন, ডা. জাকির হোসেন খান, অধ্যাপক ডা. এ কে এম মুজিবুর রহমান খান, ডা. গোলাম মোক্তাদির।
প্রকাশিত ভোটার তালিকায় এসব সদস্যদের নামের পাশে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করলে, অধিকাংশের নম্বর বন্ধ পাওয়া যায়। দুই থেকে তিন জনের ফোন নম্বর তাদের সন্তানরা ব্যবহার করছেন। এদের একজন ডা. গোলাম মহিউদ্দিন দিপুর ছেলে ডা. তূর্য ফোন ধরেন। 

তিনি বলেন, ডা. গোলাম মহিউদ্দিন ড্যাবের আজীবন সদস্য ছিলেন, তিনি মারা যান ২০১৯ সালে। কিন্তু ভোটার তালিকা এখনো নাম রয়ে গেছে।

ড্যাবের খসড়া তালিকায় থাকা অভিযুক্ত ৬ জন স্বাচিবের সদস্য হলেন, ডা. মো. রাব্বি আলম, ডা. সৈয়দ ওবায়দূর রহমান, ডা. আসিফ উল আলম, ডা. মোহাম্মদ মশিউল হাসনাত, ডা. আয়শা আক্তার, ডা. মারুফ মানসুর অনিক।