খুলনা: সাংবাদিকদের জন্য ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে ইউনেস্কো-আইপিডিসির আর্থিক সহায়তায় এবং নিউজ নেটওয়ার্কের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে খুলনায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। গণমাধ্যম ডিজিটাল হলেও মান বজায় রাখা হয়নি। জাতীয় পর্যায়ে নির্দিষ্ট নীতিমালার অভাবে অনেকেই লাগামহীনভাবে কাজ করছে, ফলে অপসাংবাদিকতা বাড়ছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের সাহিত্যের জ্ঞান থাকা প্রয়োজন, যাতে তারা ভাষা ও বাক্য বিন্যাসে দক্ষতা অর্জন করতে পারে।”
প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের প্রত্যাশা নির্ধারণ ও প্রাক-মূল্যায়ন করা হয়। এরপর সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান। সাংবাদিকতার নৈতিকতা, নিরাপত্তা ও সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মিডিয়া স্পেশালিস্ট জিয়াউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের খুলনা সমন্বয়কারী দিদারুল আলম এবং কর্মকর্তা রেজাউল করিম।
এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।