খুলনা ব্যুরো: খুলনায় নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও কারিগরি জ্ঞান উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে নগরীর একটি হোটেলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
‘নারী সাংবাদিকদের জন্য কারিগরি দক্ষতাবৃদ্ধি’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করেছে নিউজ নেটওয়ার্ক, দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব ও ব্রত। একজন সাংবাদিকের প্রধান শক্তি হলো সততা ও নিরপেক্ষতা। নারীরা এই পেশায় এগিয়ে এলে সমাজ উপকৃত হবে।” তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং পক্ষপাতহীন সংবাদ প্রচারের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিউজ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোঃ শহিদুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ইকবাল মাহমুদ, সহকারী কমিশনার মোঃ আনোয়ার সাদাত এবং সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম।
প্রশিক্ষণে খুলনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৬ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করছেন। তারা তিন দিনব্যাপী কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাই, মোবাইল জার্নালিজম, রিপোর্ট লেখার কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করবেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে নারী সাংবাদিকরা প্রযুক্তিগত দিক দিয়ে আরও দক্ষ হয়ে উঠবেন এবং পেশাগত ক্ষেত্রেও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন।