খুলনা ব্যুরো: খুলনার ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পয়গ্রাম এলাকার মৃত মহম্মদ ফকিরের ছেলে হাসানুর ফকিরের বসতবাড়ির উত্তর পাশে একটি তাল গাছের গোড়ায় লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বিধি মোতাবেক অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কারা বা কী উদ্দেশ্যে অস্ত্রগুলো সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা শেষে দোষীদের শনাক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, এমন ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।