জাকির নায়েক ইস্যুতে পদক্ষেপ চায় ভারত

whatsapp sharing button

আগামী নভেম্বরে বাংলাদেশে আসছেন ইসলামি বক্তা ডা.জাকির নায়েক। বর্তমানে মালয়েশিয়ায় থাকা জাকির নায়েকে ভারত ‘পলাতক’ ঘোষণা করেছে। ভারতের আদালতে তার বিরুদ্ধে ‘গ্রেপ্তারি পরোয়ানা’ জারি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল চান, বাংলাদেশ সরকার ডা.জাকির নায়েকের বিরুদ্ধে পদক্ষেপ নিবে। বাংলাদেশ যেন মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই ভারতীয় ধর্মপ্রচারক ও ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল ভারতের এ প্রত্যাশার কথা বলেন।

সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে ভারত ঢাকার কাছে কোনো আহ্বান-অনুরোধ করেছে কি না।

জবাবে জয়সওয়াল বলেন, “জাকির নায়েক ‘পলাতক; তিনি ভারতে ‘ওয়ান্টেড’। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো খেয়াল রাখবে।”

২০১৬ সালের আগ পর্যন্ত জন্মভূমি ভারতেই অবস্থান করছিলেন ডা.জাকির নায়েক। বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন ও আলোচনায় অংশ নিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য প্রচার’ ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা করা হয়। বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠিত ‘পিস টিভি’র সম্প্রচারও।

এই পরিস্থিতিতে ২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন ৬০ বছর বয়সী এই ধর্মপ্রচারক। সেখানেই তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান।