জোটবদ্ধ নির্বাচনে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

whatsapp sharing button

জাতীয় নির্বাচনে প্রার্থীকে জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে।

অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্ব স্ব দলের প্রতীকে-এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।

আরপিওর একটি সংশোধনীকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে আপত্তি দেখা গেছে। আরপিওর ২০ অনুচ্ছেদে যে সংশোধনী আনা হয়েছে, তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রতীকে ভোট করতে হবে।

আগের বিধান অনুযায়ী, নিবন্ধিত দলের জোটের প্রার্থীরা যে কোনো প্রতীকে ভোট করতে পারতেন। প্রধান দলগুলোর প্রতীক জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থীর ব্যবহারের সুযোগ ছিল এবং অতীতে তারা জিতেও এসেছেন।

বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করার পাশাপাশি বিধানটি বাদ দিয়ে আগের অনুচ্ছেদই বহাল রাখার দাবি জানিয়েছে। জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে।