নির্বাচনের তফশিলের আগেই এসপি ও ওসি পদে আসছে বড় রদবদল

whatsapp sharing button

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় রদবদল আসতে যাচ্ছে। ঢেলে সাজানো হবে মাঠ প্রশাসন। ইতোমধ্যে বেশ কিছু জেলায় ডিসি পরিবর্তন করা হয়েছে। পুলিশ প্রশাসনেও বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

জাতীয় নির্বাচনের তফসিলের আগেই সারা দেশে এসপি ও ওসি পদে বড় ধরনের রদবদল হবে। আর এটা হবে লটারির মাধ্যমে। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং এসপি ও ওসি হওয়ার যোগ্য-এমন কর্মকর্তাদের নিয়ে লটারি হবে। এছাড়া বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য যেসব সেনা সদস্য কাজ করছেন, তাদের কাউকেই আপাতত প্রত্যাহার করা হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। এ সম্পর্কিত প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে। প্রশিক্ষণ শেষে দুই-একটি রিহার্সেল দেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন হবে পুলিশের দেড় লাখ, সেনাবাহিনীর এক লাখ, বিজিবি’র প্রায় পঁয়ত্রিশ হাজার, আনসারের আনুমানিক পাঁচ লাখ ৫০ হাজার সদস্য এবং নৌবাহিনীর প্রায় সাড়ে চার হাজার সদস্য।’