সঙ্কটের মুখে পাকিস্তানের গণতন্ত্র ! পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

whatsapp sharing button

সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়েছে সংবিধান সংশোধনী বিল। ফিল্ড মার্শাল থেকে একেবারে সেনা সর্বাধিনায়ক হলেন অসিম মুনির। শুধু তাই নয়, পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করানো হয়েছে। জনতার আশঙ্কা ফের সেনা শাসনের দিকে এগোচ্ছে পাকিস্তান। এবার এর বিরুদ্ধে হুঙ্কার জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের। দেশজুড়ে বিক্ষোভের সিদ্ধান্ত নিল পাকিস্তানের বিরোধী জোট।

জানা গিয়েছে, পাকিস্তানের বিরোধী জোট দেশজুড়ে বিদ্রোহের ডাক দিয়েছে। এই জোটের নেতৃত্বে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পাকিস্তানের জাতীয় সংবাদপত্রের খবরে জানা গিয়েছে, পিটিআই-এর নেতৃত্বে থাকা জোট সংসদীয় দলের সভা করেছে। এই বৈঠকে পিটিআই-এর চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান, আসাদ কায়সার এবং বেশ কয়েকজন এমপি উপস্থিত ছিলেন।জানা গিয়েছে আগামী শুক্রবারের বৈঠকের পরে জোটের তরফে দেশজুড়ে যৌথ প্রতিবাদের কথা ঘোষণা করা হবে।

বুধবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত বিল পাশ করে শাহবাজ সরকার। এর ফলে সেনাপ্রধান ফিল্ড মার্শাল থেকে মুনির হলেন সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স ফোর্সেস। এর আগে এরকম কোনও পদ দেশটির সেনাবাহিনীতে ছিল না। সংবিধান সংশোধনের করে নতুন এই পদ সৃষ্টি করা হল। এর পাশাপাশি নতুন বিলে মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষাকবচও দেওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করিয়েছে পাক সরকার। এই বিলে সংবিধান সংক্রান্ত যাবতীয় মামলার ভার সুপ্রিম কোর্টের হাত থেকে কেড়ে নিয়ে নতুন গঠিত সাংবিধানিক আদালতে পাঠানোর কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে আসলে দেশের গণতন্ত্রকে হত্যা করল শাহবাজ সরকার।