বর্ণিল টেস্ট ক্যারিয়ারের শততম টেস্টে দ্যুতি ছড়ালেন মুশফিকুর রহিম। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। দ্বিতীয় দিন সকালে ৫ ওভার খেলে ৪টি ভিন্ন ভিন্ন মাইলফলক ছুঁয়ে ফেলেছে দল।
দিনের দ্বিতীয় ওভারে শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ব্যাটার ও প্রথম বাংলাদেশি ব্যাটার বনে যান। তার সেঞ্চুরির পরের বলেই তার সঙ্গী লিটন দাস দারুণ এক চার মারেন। তুলে ফেলেন ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটি। দিনের দ্বিতীয় মাইলফলকের দেখা পায় বাংলাদেশ।
এর একটু পর ৩০০ রান তুলে ফেলে বাংলাদেশ। লিটন-মুশফিক তাদের জুটি শুরু করেছিলেন দলীয় ২০২ রানে। এরপর থেকে দারুণ খেলে তারাও পেয়ে গেছেন সেঞ্চুরি জুটি। এই চার মাইলফলক বাংলাদেশ ছুঁয়ে ফেলল দিনের প্রথম ৫ ওভারেই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৮ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৬ রানে ব্যাটিং করে যাচ্ছেন সেঞ্চুরিয়ান মুশফিক।