পাকিস্তানে পেশোয়ারে সন্ত্রাসী হামলায় নিহত ৬, বহু হতাহতের শঙ্কা

whatsapp sharing button

পাকিস্তানের পেশোয়ারে সোমবার আধাসামরিক বাহিনী- ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, হামলায় অন্তত তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং তিনজন এফসি কর্মী শহীদ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন, যার মধ্যে দুইজন এফসি কর্মীও রয়েছেন।

ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমাদ জানান, তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, আর দুইজন কমপাউন্ডের ভিতরে ঢুকে পড়ে। এফসি কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করে দুইজনকে কমপাউন্ডের ভিতরে হত্যা করে। শেষ পর্যন্ত তিনজন আত্মঘাতী বোমাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় নিহত হন।

তিনি বলেন, সদর এলাকা ঘিরে রাখা হয়েছে এবং রাস্তা বন্ধ করে ট্রাফিক বিকল্প পথে পরিচালিত করা হয়েছে। নিরাপত্তা সংস্থা একটি ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে যাতে আরও কোনো হুমকি না থাকে।

সূত্রের খবর, এর আগেও ২০২২ সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি ভেঙে নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা সংস্থার সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেয়। সম্প্রতি পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে।

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এ হামলা ‘ইন্ডিয়ান প্রক্সি ফিতনা–আল–খাওয়ারিজ’ নামের একটি গোষ্ঠী চালায়। সরকার যেটিকে নিষিদ্ধ টিটিপি–সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বর্ণনা করতে ব্যবহার করে।