এশিয়ায় এখন সবচেয়ে মানহীন মুদ্রা “ভারতীয় রুপি”

whatsapp sharing button

চলতি বছর পুরো এশিয়ায় সবচেয়ে মানহীন মুদ্রা হয়ে দাঁড়িয়েছে ভারতের রুপি। একইসঙ্গে ২০২২ সালের পর রুপির মূল্য রেকর্ড হারে কমেছে। চলতি বছর রুপির অবনতির কারণ হিসেবে ভারতের রপ্তানি পণ্যের ওপর আমেরিকার উচ্চতর শুল্ক এবং দেশটির শেয়ারবাজার থেকে ব্যাপক হারে বিদেশি বিনিয়োগকারীদের বের হয়ে যাওয়াকে বিবেচনা করা হচ্ছে।

এদিকে ব্লুমবার্গের অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, রুপির মান স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে ৩০ বিলিয়ন ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা বিক্রি করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। মধ্য অক্টোবর থেকে নতুন করে অবনতি ঠেকাতে একই পদক্ষেপ নেওয়া হয়।

মার্চে ডলারের বিপরীতে রুপির মূল্য ছিল ৮৩.৭৫।কিন্তু ২১ নভেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য ৮৯.৪৯ দাঁড়িয়েছে।এর মাধ্যমে রুপির মান পতন ঠেকাতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা বন্ধ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া চাচ্ছে আমেরিকার সঙ্গে বিলম্বিত বাণিজ্য আলোচনার মধ্যে তার রিজার্ভ ধরে রাখতে।

ভারতীয় মুদ্রা এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। আমেরিকা ও ভারতের বাণিজ্য সম্পর্কের উন্নতি এবং দিল্লির ওপর শুল্কহার কমানোর ওপরই রুপির মান বাড়তে পারে। কিন্তু এটি যদি না ঘটে, তাহলে কেন্দ্রীয় ব্যাংককে রুপির মান ধরে রাখতে বাধ্য হতে হবে।