বিএনপি ৪৯.৯৭ ও জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে

whatsapp sharing button

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমতের এক বড় প্রতিফলন দেখা গেছে। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্যমতে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে পেয়েছে ৪৯.৯৭ শতাংশ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী লাভ করেছে ৩১.৭৬ শতাংশ ভোট। অর্থাৎ দেশের মোট ভোটারের বিশাল একটি অংশ এই দুই দলের ওপর আস্থা রেখেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে প্রাপ্ত পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। ভোটের এই সমীকরণে ইতোমধ্যেই ২১২টি আসন নিয়ে সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ১১ দলীয় জোট ৭৭টি আসন নিয়ে বিরোধী অবস্থানে থাকছে।

নির্বাচনী আনুষ্ঠানিকতা শেষে এখন অপেক্ষার পালা শপথ গ্রহণের। আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপর বিকেলেই শুরু হবে নতুন মন্ত্রিসভার যাত্রা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ও তথ্যাদি সম্বলিত গেজেট গত শুক্রবার রাতেই প্রকাশ করেছে কমিশন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে এই জনরায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।