পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনায় অবস্থানরত সাতক্ষীরা জেলার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল সাতক্ষীরা জন সমিতি (সাজস) আয়োজিত ইফতার মাহফিল। মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গাস্থ আলবাব একাডেমী মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত সাতক্ষীরার বাসিন্দারা অংশ নেন। এতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত অতিথিরা পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জন সমিতির সভাপতি ডা. লুৎফর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম ও জি এম মঈন উদ্দিন।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, প্রবাসে বা অন্য জেলায় অবস্থানরত সাতক্ষীরাবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সাতক্ষীরার উন্নয়ন ও জেলার মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালযের সাবেক ট্রেজারার ডঃ আব্দুল্লাহ হিল বাকী, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান, খুবির প্রফেসর ড. মজিবুর রহমান, পুলিশ কর্মকর্তা আসলাম বাহার বুলবুল, খাইরুল বাশার, খুবির প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর হারুনুর রশিদ, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ ইকবাল হাসান তুহিন, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল মান্নান, সালাউদ্দিন শান্নু প্রমুখ।