একসময় ঢালিউডের পর্দায় নিয়মিত জুটি ছিলেন অমিত হাসান ও শাবনূর। বর্তমানে দুজনেই অভিনয়ে অনিয়মিত। শাবনূর স্থায়ীভাবে থাকছেন অস্ট্রেলিয়ায়, আর অমিত হাসান বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিনেতা কাজী মারুফের বাসায় তাঁদের হঠাৎ দেখা হয়ে যায়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুতগতিতে।
ভাইরাল হওয়া ভিডিওটি কাজী মারুফ নিজেই প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, জনপ্রিয় গান ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও’–এর তালে নাচছেন অমিত হাসান ও শাবনূর। শুধু নাচই নয়, অমিত হাসানের সঙ্গে গান গাইতেও দেখা যায় শাবনূরকে। কাজী মারুফ ফেসবুক লাইভের মাধ্যমে পুরো মুহূর্তটি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। ছেলে আইজানের ইচ্ছাতেই মূলত যুক্তরাষ্ট্রে ভ্রমণে গেছেন শাবনূর।
এই সফরে তিনি দেশটিতে বসবাসরত ঢালিউড তারকাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এর আগে অভিনেত্রী মৌসুমীর সঙ্গে তাঁর দেখা হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এবার কাজী মারুফের বাসায় অমিত হাসান ও মাহিয়া মাহির সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা গেল তাঁকে।
এছাড়াও যুক্তরাষ্ট্রে অবস্থানকালে মামুন ইমন, রেসিসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে শাবনূরের। সবার সঙ্গেই আনন্দঘন সময় কাটাচ্ছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।