‘নাটক কম করো পিও’, _ শাওন

whatsapp sharing button

রোববার (১০ আগস্ট) ফেসবুকে একটি পোস্টে শাওন সমালোচনা করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে, যিনি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব-এ শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন। পোস্টের সঙ্গে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনাসহ মন্ত্রীদের সঙ্গে তার একাধিক ছবি যুক্ত করেন শাওন।

ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্লাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।’

তিনি আরও লেখেন, ‘আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’

পোস্ট শেষে হ্যাশ ট্যাগে শাওন লিখেছেন ‘নাটক কম করো পিও’।

তিশাকে নিয়ে শাওনের এই ফেসবুক পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি।