হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

whatsapp sharing button

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। মধ্যপ্রাচ্যের এই কৌশলগত প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে, ফলে এর যেকোনো পদক্ষেপ বৈশ্বিক বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশানারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, চলমান ‘লাইভ’ সামরিক মহড়ার অংশ হিসেবে অস্থায়ীভাবে প্রণালীটি বন্ধ রাখা হয়েছে। প্রতিরক্ষা সক্ষমতা যাচাই ও সামরিক প্রস্তুতি প্রদর্শনের উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়া শেষ হলেই হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। তবে মহড়া কতদিন চলবে কিংবা কবে নাগাদ জলপথটি আবার স্বাভাবিকভাবে চালু হবে— সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা ইঙ্গিত দেওয়া হয়নি।

হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। ফলে এর সাময়িক বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক মহলে নজরদারি ও উদ্বেগ বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।