বঙ্গোপসাগর উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা

whatsapp sharing button

বঙ্গোপসাগরে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ । দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে ‘মন্থা’।মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের কাকিনাড়া এবং কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে মোন্থা।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিন দেওয়া হয়েছে সোমবার রাত ৯ টার দিকে। সেখানে বলা হয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে। ‘প্রবল’ আকারেই মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। এ সময় ওই অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ১১০ কিলোমিটারের গণ্ডিও।

তামিলনাড়ু উপকূলে ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে রাজধানী চেন্নাইয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, তার প্রশাসন সব রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পেডাপল্লি, আদিলাবাদ-সহ তেলঙ্গানার কয়েক জেলায়ও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটকের উপকূলবর্তী অঞ্চল উদুপি, উত্তর ও দক্ষিণ কন্নড় জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় শাখা বেশ কিছু ট্রেন বাতিল করেছে। অন্ধ্রের বিশাখাপত্তনম জেলায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পরিষেবা ব্যাহত হতে পারে বলে নির্দেশিকা জারি করেছে বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। আট জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সমুদ্রের তীরবর্তী অঞ্চল থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।