রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা

whatsapp sharing button

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) এক বিবৃতিতে সমবেদনা জানান।

তিনি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কড়াইল বস্তির আগুনে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে’।

তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আগুনের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। রাজধানীর ভয়াবহ যানজট ঠেলে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। পানির অপ্রতুলতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ২০ ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।