হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি।
এই কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। এছাড়া একই সাথে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হবে।