কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ি ইউটার্নে এ ঘটনা ঘটে। তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহাম্মেদ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান।
নিহতরা হলেন, জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের মহেশ্বর গ্রামের আবুল বাশার, তাঁর স্ত্রী মোরশেদা বেগম ও সিএনজি চালক চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ার কালা মিয়ার ছেলে মমতাজ। এই সময় আরও ৫ জন আহত হন। আহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাচী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহমান (২৭), একই উপজেলার আগুনশাইন গ্রামের আবুল কাশেমের ছেলে রাজমিস্ত্রী কবির হোসেন (৪০), শ্যামপুর গ্রামের আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক ও মাহিনী গ্রামের আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। স্থানীয়দের সহায়তায় তাঁদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগমসহ অজ্ঞাতনামা আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অটো চালক মাহবুবুল হক বলেন, “লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এই সময় আমি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি’র পিছনে ধাক্কা দেই। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়।”
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা যায়।”