ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের বিদায়: খুলনায় ব্যতিক্রমধর্মী আয়োজন

whatsapp sharing button

খুলনা ব্যুরো: খুলনার মীরেরডাঙ্গায় অবস্থিত আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা। দীর্ঘ ৩৬ বছর ৭ মাস ৩০ দিন সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করা সিনিয়র শিক্ষক মোঃ শাহাজাহান হাওলাদারকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে খানজাহান আলি থানার মীরেরডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষককে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে বসিয়ে ফুলে সাজিয়ে তার নিজ বাড়ি সেনপাড়া এলাকায় পৌঁছে দেওয়া হয়, যা পুরো এলাকাজুড়ে দৃষ্টান্তমূলক বিদায় সংবর্ধনা হিসেবে আলোচনার জন্ম দেয়।

বিদায় অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আনুষ্ঠানিক আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মতিয়ার রহমান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘোড়ার গাড়িতে ওঠার সময় আবেগাপ্লুত বিদায়ী শিক্ষক মোঃ শাহাজাহান হাওলাদার বলেন, দীর্ঘ দিন এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আজকের এই বিদায় সংবর্ধনা শুধু খানজাহান আলি থানায় নয়, খুলনা শহরেও একটি অনন্য দৃষ্টান্ত। আমি গর্বিত ও ধন্য যে, এমন এক বিদায় পেলাম যা অন্য কোনো বিদ্যালয়ে আমার জানা মতে হয়নি।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, শাহাজাহান হাওলাদারের মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে সম্মান জানাতে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল সময়ের দাবি।

উল্লেখ্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে শাহাজাহান হাওলাদার তার দীর্ঘ কর্মজীবনে শত শত শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন। তার অবদান স্মরণীয় করে রাখতে বিদ্যালয় চত্বরে একটি স্মৃতিফলক স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয় অনুষ্ঠানে।

এমন ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সকলে।