র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মো. গোলাম রসুল অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (৩১ আগস্ট) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলিতে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত থাকবে। এছাড়া চুক্তির শর্তে তারা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি/আধাসরকারি/বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না।
বর্তমান র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানকে ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত অতিরিক্ত আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত ৭ আগস্ট ২০২৪ থেকে র্যাব ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ সেপ্টেম্বর তার চাকরির মেয়াদ চুক্তিভিত্তিক এক বছর বৃদ্ধি পায়। এবার আরও ছয় মাস বাড়ানো হলো। একই মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এসবিপ্রধান মো. গোলাম রসুল। তার আগের নিয়োগের মেয়াদ ৩১ আগস্ট ২০২৫ শেষ হওয়ার কথা ছিল। মো. গোলাম রসুল চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে পুলিশের বিশেষ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।