চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার চেষ্টা করলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মোট ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন পদে থাকা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সক্রিয় সদস্যরা।
ডিএমপির বিভিন্ন ইউনিট ও থানা পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা পশ্চিম থানা দুইজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন এবং তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করে।
ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর যেকোনো বেআইনি কার্যক্রম বা উসকানিমূলক তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।’ তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ৪৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।