কামাল হোসেন ।।ঢাকা।। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনও সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা ইলেকশনে যাব, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয়গুলো নিয়ে আসব। যদি জনগণ আমাদের ভোট দেয়, যদি সরকার গঠনের সুযোগ পাই সেগুলো আবার সামনে নিয়ে আসব। পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাস করিয়ে দেশের পরিবর্তন করব।
বিএনপির মহাসচিব বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে।
এ সময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে।