ইউসেপ খুলনায় জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

whatsapp sharing button

ইউসেপ বাংলাদেশ-এর খুলনা রিজিয়নের উদ্যোগে জেন্ডার সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (MHM), শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ (CEFM) এবং লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা রিজিয়ন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিশু সুরক্ষা জোরদার এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসায়েদ খান। তিনি জেন্ডার সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, সিইএফএম ও জিবিভি প্রতিরোধ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা প্রদান করেন। তাঁর বক্তব্যে সমাজে বিদ্যমান বৈষম্য দূরীকরণ, সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর নীতিমালার বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তিনি কমিউনিটি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যারা জেন্ডার সমতা, শিশু অধিকার, এমএইচএম এবং সিইএফএম ও জিবিভি প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতিতে বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময় এবং অভিজ্ঞতা শেয়ারিং অনুষ্ঠিত হয়। এতে মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, প্রতিরোধমূলক উদ্যোগ এবং টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আলোচনায় জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষভাবে তুলে ধরা হয়, ইউসেপ-এর চলমান কার্যক্রমের সঙ্গে অন্যান্য সংস্থার কার্যকর সমন্বয় ও অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে কীভাবে উপকারভোগীদের সঙ্গে আরও শক্তিশালী ও আস্থাভিত্তিক সম্পর্ক তৈরি করা যায়। বক্তারা মনে করেন, সমন্বিত প্রচেষ্টা, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি সম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি, শিশু সুরক্ষায় সচেতনতা জোরদার এবং সহিংসতা প্রতিরোধে সম্মিলিত দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।