ইউসেপ খুলনার উদ্যোগে জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

whatsapp sharing button

জেন্ডার সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (এমএইচএম), শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ (সিইএফএম) এবং লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউসেপ খুলনা রিজিয়নের উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর হোটেল দ্যা গ্রান্ড প্লাসিডে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসায়েদ খান। তিনি জেন্ডার সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এমএইচএম), সিইএফএম ও জিবিভি প্রতিরোধ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা প্রদান করেন। তাঁর বক্তব্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং কমিউনিটি পর্যায়ে সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং কার্যকর উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় বলা হয়, শিশু অধিকার সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

এসময় ইউসেপের চলমান কার্যক্রমের সাথে অন্যান্য সংস্থার সমন্বয় বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং উপকারভোগীদের সাথে টেকসই সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রাণবন্ত আলোচনা মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।