পবিত্র মাহে রমজান শুরুতেই অসহায়, সুবিধাবঞ্চিত ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া এলাকায় অবস্থিত সামাজিক সংগঠন “সোশ্যাল শেড”। ১লা রমজান থেকে সংগঠনটির উদ্যোগে নীরবে-নিভৃতে দরিদ্র পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, উপকারভোগীদের সামাজিক মর্যাদা অক্ষুন্ন রাখতে এবং তাদের সম্মান রক্ষার্থে কোনো ধরনের ছবি তোলা ছাড়াই রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, চিনি, মুড়ি, চিড়া, খেজুর ও শরবত তৈরির উপকরণ। সংগঠনের সদস্যরা জানান, রমজানজুড়ে এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আসাফুর রহমান কাজল, সভাপতি মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক মোঃ সোহান, কোষাধ্যক্ষ মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক সৈকত শেখ, কার্যকরী সদস্য হেলাল আক্তার, সৈয়দ আশিকুজ্জামান ও মোঃ মহসিনসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। তারা সকলকে রমজানের শিক্ষা ধারণ করে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।