খুলনা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ২৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর বয়রায় কর ভবনে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ১২ এপ্রিল। খসড়া তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ সময় ছিল ১৫ এপ্রিল এবং আপত্তির শুনানি অনুষ্ঠিত হয় ১৬ এপ্রিল। পরবর্তীতে নির্বাচন উপকমিটি ১৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।
মনোনয়নপত্র বিক্রি শুরু হয় ২১ এপ্রিল থেকে। ২৩ এপ্রিল মনোনয়নপত্র দাখিল ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এপ্রিল মাসেই এবং বাছাই শেষে ২৮ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপত্তি দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল, আর কার্যকরী পরিষদ কর্তৃক আপিল নিষ্পত্তি করা হবে ৩ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৫ মে বিকাল ৩টা পর্যন্ত এবং একই দিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিন প্রার্থীদের উপস্থিতিতে কর ভবন প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিএম গোলাম রসুল ও মো. আমিনুর রহমান। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. আমির হামজা, মো. নজরুল ইসলাম খান, মো. সাঈদ আহমেদ ও মো. নজরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মজিবুর রহমান ও শেখ মো. রোকনুজ্জামান।
যুগ্ম সম্পাদক পদে রয়েছেন মো. মনিরুল ইসলাম বাবু এবং এস এম জি নেওয়াজ।
পাঠাগার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মো. আতাউর রহমান রাজিব ও জি এম সোহাগ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. মহাসিন কবির দুলু ও এস এম শাহিনুর।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম হারুন-অর-রশিদ, সুলতান আহমেদ টুলু, কাজী মো. মাসুদুল হক, সমীর রঞ্জন মৃধা, আতিকুর রহমান, রোকেয়া পারভীন, মো. জুয়েল মোল্লা, মো. নজরুল ইসলাম হাওলাদার, খান মনিরুজ্জামান, এ বি এম মোস্তফা কামাল, গণেশ চন্দ্র সরকার, মো. আওরঙ্গজেব ও মো. আ. গফফার।
নির্বাচন উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এম এ আউয়াল রাজ। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সেলিম আল আজাদ ও শেখ আবুল কাশেম।
নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।