খুলনা ব্যুরো: খুলনায় তরুণী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা, শিশু অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা রোধের বিভিন্ন দিক তুলে ধরতে এ সভার আয়োজন করা হয়।
ইউসেপ খুলনা অঞ্চলের উদ্যোগে এবং গ্রিভেট প্রজেক্টের অর্থায়নে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় খুলনা অঞ্চলের ইউসেপ আঞ্চলিক কার্যালয়ে এ সংলাপ সভা অনুষ্ঠিত হয়। এতে নিয়োগকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য ও সংলাপের উদ্দেশ্য তুলে ধরেন ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি তরুণী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্ব এবং নিরাপদ কর্মপরিবেশ গঠনে নিয়োগকর্তা ও গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত থিমেটিক ডায়ালগ সেশনে জেন্ডার সমতা, কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুর্শিদা আক্তার রনি। তিনি নারী ও প্রতিবন্ধী কর্মীদের জন্য সমতাভিত্তিক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করেন মেরি স্টোপস বাংলাদেশ, আউটরিচ প্রোগ্রাম, খুলনার প্রকল্প সমন্বয়কারী মো. আশরাফুল আলম। তিনি বলেন, কর্মক্ষেত্রে এসব বিষয়কে স্বাভাবিক ও মর্যাদার সঙ্গে বিবেচনা করা জরুরি।
শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ এবং এর কর্মসংস্থানের ওপর প্রভাব নিয়ে আলোচনা করেন হেশেল অ্যান্ড করিশমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিস করিশমা চৌধুরী। তিনি বাল্যবিবাহ কীভাবে নারীদের শিক্ষা ও কর্মজীবনে দীর্ঘমেয়াদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা তুলে ধরেন।
এরপর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে নিয়োগকর্তা, গণমাধ্যম প্রতিনিধিসহ ইউসেপ খুলনা অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ তুলে ধরেন। অংশগ্রহণকারীরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে যৌথ উদ্যোগ, নীতিমালার বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের “ওয়ে ফরোয়ার্ড অ্যান্ড অ্যাকশন প্ল্যানিং” সেশনে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ করণীয় ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সমাপনী অধিবেশনে ইউসেপ খুলনা অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের ইনচার্জ নাসরিন আখতার আলোচনা সভার মূল ফলাফল সংক্ষেপে উপস্থাপন করেন। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান।