নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে আগাম ভোট শুরু হয়েছে আগেই। আজ ৪ নভেম্বর মঙ্গলবার মূল ভোটগ্রহণ হবে। নির্বাচনে গতকাল পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন। এ অবস্থায় মামদানির বিরুদ্ধে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছেন।
মামদানির ওপর ক্ষুব্ধ ট্রাম্প :রবিবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মামদানি ‘কমিউনিস্ট’। তিনি একজন সমাজতান্ত্রিকের থেকেও বেশি খারাপ। ট্রাম্পের দাবি, আমাদের একজন কমিউনিস্ট আছেন, তার বয়স ৩৩ বছর। তিনি কিছুই জানেন না। সম্ভবত জীবনে এক দিনও কাজ করেননি। মামদানিকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, জোহরান জিতলে নিউ ইয়র্কের জন্য তা সমস্যার হবে। মামদানি জিতলে নিউ ইয়র্কের তহবিল কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘আমি নিউ ইয়র্কে খুব বেশি টাকা পাঠাব না। আমরা আমাদের একটি মহান শহরকে ধ্বংস হতে দেব না। আমরা একে মহান করে তুলব। আমরা প্রায় ৩০ দিনের মধ্যে অপরাধ পরিষ্কার করব।’
ওয়াশিংটনের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, মাত্র ১২ দিনে শহর পরিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই এই শহরগুলোতে অনেকটা এগিয়েছি। আমরা এর বিরোধিতা পছন্দ করি না। কেউ নিউ ইয়র্কের কমিউনিস্ট মেয়র হলে তা ভুল করে হবে।’ সস্তায় খাদ্য, বস্ত্র এবং বাসস্থান নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য—এ তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান। শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেন মামদানিকে। জিতলে তাকে পরামর্শ দেওয়ার জন্য পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ওবামা। মামদানির মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।
জরিপে এগিয়ে মামদানি :ভারতীয় বংশোদ্ভূত মা-বাবার সন্তান ও উগান্ডায় জন্মানো মামদানি একজন মুসলিম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত অ্যান্ড্রু কুওমোর তুলনায় অনেকটাই এগিয়ে আছেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুওমো। গত বৃহস্পতিবার প্রকাশিত এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিল জরিপে দেখা গেছে, মামদানি নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে।
রেকর্ডসংখ্যক আগাম ভোট :মেয়র নির্বাচন সামনে রেখে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। রবিবার ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। এদিন প্রায় ১ লাখ ৫১ হাজার মানুষ আগাম ভোট দিয়েছেন। নগরের নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আগাম ভোট গ্রহণ শুরুর পর থেকে এটি এক দিনে সর্বোচ্চ ভোট পড়ার ঘটনা। তাছাড়া, এদিন ৩৫ বছরের কম বয়সি ভোটারদের উপস্থিতিও বেশি ছিল। —বিবিসি ও রয়টার্স