মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলিকে একটি বড়সড় বার্তা দিয়েছেন। জানিয়েছেন এই সব প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক সংস্থায় ভারত সহ অন্যান্য দেশ থেকে নিয়োগ নিষিদ্ধ করেছেন। এর মধ্যে গুগল, মাইক্রোসফট, মেটার নামও রয়েছে। বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এআই শীর্ষ সম্মেলনে ট্রাম্প মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলিকে এই বার্তা দিয়েছেন। সেই সঙ্গে মার্কিন ট্যালেন্ট নিয়োগের পরামর্শও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।
ভারতীয় বংশোদ্ভূত অনেকেই বিশ্বের অনেক বড় বড় প্রযুক্তি কোম্পানিতে চাকরি করেন। এমনকি সিইও পদেও রয়েছেন। এর মধ্যে গুগলের সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার মতো নামও রয়েছে। সম্প্রতি, মেটা একটি বৃহৎ এআই দলও নিয়োগ করেছে, যার মধ্যে অনেক ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI শীর্ষ সম্মেলনে প্রযুক্তি শিল্পে বিশ্বব্যাপী মনোভাবের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট বলেছেন যে এর ফলে অনেক মার্কিন নাগরিক এবং আমেরিকান প্রতিভা উপেক্ষিত হচ্ছে। ট্রাম্পের দাবি অনেক শীর্ষ কোম্পানি মুনাফার জন্য আমেরিকার দেওয়া স্বাধীনতার সুযোগ নিয়ে বহিরাগতদের প্রচুর সংখ্যায় নিয়োগ করছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন যে আমেরিকার দেওয়া স্বাধীনতার কারণে অনেক প্রযুক্তি কোম্পানি চীনে তাদের কারখানা স্থাপন করছে এবং ভারত থেকে কর্মী নিয়োগ করছে। এত কিছুর পরেও এই সব কোম্পানি নিজের দেশের মানুষকে সুযোগ দিচ্ছে না। তাদের প্রত্যাখ্যান করছে শুধু নয়, পাশাপাশি সমালোচনাও করছে।
ট্রাম্প আবারও একবার আমেরিকা ফার্স্ট নীতির কথা মনে করিয়ে দিয়েছেন সম্মেলনে। গুগল, মাইক্রোসফটের মতো মার্কিন সংস্থাগুলিকে রীতিমতো নির্দেশ দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। তাঁর কথায়, “আমাদের আমেরিকান কোম্পানিগুলিকে আমেরিকায় থাকতে হবে। এছাড়াও, তাদের আমেরিকান ফার্স্ট নীতি অনুসরণ করা উচিত।”