ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

whatsapp sharing button

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের বিরুদ্ধে হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, “আরও বেশ কয়েকজন সামান্য স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন এবং মস্তিষ্কে আঘাত (কনকাশন) পেয়েছেন, যাদের সুস্থ হওয়ার পর পুনরায় দায়িত্ব পালনের প্রক্রিয়ায় রাখা হয়েছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধার ও প্রতিক্রিয়া কার্যক্রম চলমান। নিহতদের স্বজনদের অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের দ্বিতীয় দিনে এই হতাহতের খবরটি এল।

শনিবার শুরু হওয়া এই হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এর জবাবে তেহরান বিভিন্ন উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো।